সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: স্বপ্নপূরণের পথে এক ধাপ। এদেশে তৈরি হতে চলেছে ‘কৃত্রিম সূর্য’। গুজরাতের এক গবেষণাগারে জোরকদমে এই প্রক্রিয়ার কাজ চলছে বলে জাতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর। ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চ-এর এসএসটি-১ টোকামাক (SST-1 Tokamak) যন্ত্রে সফলভাবে বসানো হল একটি শক্তিশালী জাইরোট্রন। যার ক্ষমতা ৮২.৬ গিগাহার্ৎজ (GHz) এবং ৪০০ কিলোওয়াট বলে খবর। জাইরোট্রন (Gyrotron) আসলে একটি শক্তিশালী যন্ত্র, যা উচ্চ-কম্পাঙ্কের মাইক্রোওয়েভ শক্তি উৎপন্ন করে। নতুন সিস্টেমটি এসএসটি-১-এর ভেতরের প্লাজমাতে এই শক্তি ঢুকিয়ে দেয়। ফলে প্লাজমা চরম তাপমাত্রায় দীর্ঘক্ষণ স্থিতিশীল থাকে।

জটিল চৌম্বকীয় ক্ষেত্রে এই প্লাজমাকে ধরে রাখাই বিজ্ঞানীদের এখন মূল কাজ। সূর্যের ক্ষেত্রে অতি শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তি এই প্লাজমাকে ধরে রাখে।
ভারতের কৃত্রিম সূর্য এখনও বিদ্যুৎ তৈরি করছে না। কিন্তু চরম উত্তপ্ত প্লাজমাকে দীর্ঘক্ষণ ধরে রাখার এই ক্ষমতা ভবিষ্যতের জন্য এক বিশাল মাইলফলক বলে মনে করা হচ্ছে। পারমাণবিক শক্তির তুলনায় এর বর্জ্যের পরিমাণ অনেক কম বলে দাবি। আগামী দিনে এই কৃত্রিম সূর্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে পরিচ্ছন্ন ও অ-ক্ষতিকর শক্তির নতুন এক অধ্যায়ের সূচনা হবে বলে আশাবাদী সবাই।(ছবি: এআই)।


