সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: অবশেষে এক অধ্যায়ের পরিসমাপ্তি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফুটবল তারকা লিওনেল মেসি। আজ ৩১ আগস্ট ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় অবসরের কথা জানান ৩৯ বছর বয়সী মহাতারকা।
সেই ২০০৫ সালে শুরু হয়েছিল ফুটবল-যাত্রা। শেষ হলো ২০২৬ বিশ্বকাপ ফাইনাল দিয়ে। স্পেনের কাছে ১-০ গোলে হারই হয়ে থাকল তার শেষ ম্যাচ। ২০৭ ম্যাচে ১২৫ গোল নিয়ে তিনি আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সে দেশের অন্যতম আইকনও তিনি-ই। মেসি লিখেছেন, “এটা এমন সিদ্ধান্ত যা গভীরভাবে কষ্ট দিচ্ছে, কিন্তু সময় এসে গেছে। আমি সবসময় এই জার্সির জন্য সর্বস্ব দিয়েছি।” তার ঝুলিতে রয়েছে ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা। ৬টি বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার, ৩৪ ম্যাচে ২১ গোলের বিশ্বরেকর্ডও তার দখলে। বাবা হোর্হে মেসির মৃত্যুর এক মাস পর এই ঘোষণা এলো।

তবে, আশার কথা ক্লাব ফুটবল এখনই ছাড়ছেন না মেসি। আন্তর্জাতিক স্তরে না হলেও ‘মেসি-ম্যাজিক’ থেকে এখনই বঞ্চিত হবেন না ফুটবলপ্রেমীরা। ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামির হয়ে নিজের সেরাটা দেবেন মেসি।(ছবি:এআই)


