সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: পাশের গ্রামে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। গঙ্গা বক্ষে উল্টে গেল নৌকো। জলে ডুবে মৃত্যু হল জনাকয়েক নিমন্ত্রিতের। অসমর্থিত সূত্রের খরব মোট ১১ জনের জলে ডুবে মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে অনুমান। প্রশাসনিক তরফে চলছে তল্লাশি অভিযান। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বিহারের হাজিপুরে।
ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, বৈশালির জেলাশাসক জানান, ১১টি মৃতদেহ উদ্ধার হয়েছে। ৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই নৌকোয় ঠিক কতজন যাত্রী ছিলেন তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। এই দুর্ঘটনার খবর পেয়েই তৎপর হয় প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। নামানো হয় ডুবুরিও। রামপুর শ্যামচন্দ গ্রামের কাছে মাঝগঙ্গায় পৌঁছানোর পরেই আচমকাই ভারসাম্য হারিয়ে উল্টে যায় নৌকাটি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। (ছবি: সমাজমাধ্যম)।


