সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: লক্ষ্য, অতিরিক্ত উচ্চতাবিশিষ্ট পণ্যবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ। ফের সেভকের করোনেশন সেতুতে লাগানো হল ‘হাইট বার’। রাজ্যে পালাবদলের পরেই এখানে ফের বসানো হল ‘হাইট বার’। এর ফলে দুর্ঘটনা ও যানজটের ঘটনা কমবে বলে অভিমত। সমতল থেকে পাহাড়ে যেতে এই সেতু গুরুত্ব অপরিসীম।

বৃটিশ ভারতে বাংলার তদানীন্তন গভর্নর জন আন্ডারসন ১৯৩৭ সালে এই প্রকল্পের কাজের সূচনা করেন। নির্মাণ কাজ শেষ হয় ১৯৪১ সালে। ডুয়ার্স ও পাহাড়ি এলাকার লাইফ লাইন বলে পরিচিত এই সেতু দার্জিলিঙ, কালিম্পং, সিকিমের সঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি-সহ বাকি অংশের সঙ্গে যোগাযোগ বজায় রাখে। ঐতিহাসিক এই সেতু দিয়ে প্রতিদিন প্রচুর মাল ও যাত্রীবাহী গাড়ি চলাচল করে। হাইট বার বসানোর ফলে ওভারলোডেড পণ্যবাহী গাড়ি এই সেতু দিয়ে চলাচল করতে পারবে না বলে জানান একাংশ স্থানীয় বাসিন্দা। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল।


