সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: ডিম-থেরাপি এবারে ইউরোপেও। খোদ লন্ডনের মাটিতে ডিম-হামলার অভিযোগ বাংলাদেশের আওয়ামী লিগের ব্রিটেনে বসবাসকারী নেতাদের বিরুদ্ধে। ওপার বাংলার জাতীয় নাগরিক পার্টি-র এক সাংসদের ওপরে ডিম হামলার অভিযোগে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লিগ।

সোমবার পূর্ব লন্ডনের এক রেস্তোরাঁয় কর্মসূচি ছিল জাতীয় নাগরিক পার্টির লন্ডন শাখার। সেখানে হাজির ছিলেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লা। অনুষ্ঠানে ঢোকার আগে, কিছু সময়ের জন্য স্থানীয় এক উদ্যানে হাঁটতে যান হাসনাত ও দলের যুগ্ম আহ্বায়ক এতেশামুল হক। তাদের ঘিরে আওয়ামী লিগের নেতা কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন বলে অভিযোগ। এই সময়ে ভয়ে এক হোটেলে ঢুকে পড়েন হাসনাতরা। পরে পুলিশ এডে ভিড় সরিয়ে তাদের উদ্ধার করার সময়ই ‘ডিম-হামলা’ হয় বলে অভিযোগ। ঘটনার নিন্দা করেছে জাতীয় নাগরিক পার্টি। এই ঘটনায় আওয়ামী লিগের এক নেতা-সহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আওয়ামী লিগের বক্তব্য, এই ঘটনার সঙ্গে তাদের দলের কেউ জড়িত নয়।


