সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: মন্দিরে বড় জন্তুর পায়ের ছাপে চিতাবাঘের আতঙ্ক। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির ১১ নম্বর ওয়ার্ডের বটতলা মন্দির ও সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে পুলিশ। পায়ের ছাপের রহস্যভেদে নামছে বনদপ্তরও।

বটতলা মন্দির ও লাগোয়া এলাকায় বৃহদাকার জন্তুর পায়ের ছাপ দেখে আতঙ্কিত এলাকাবাসীরা। চেনা পরিচিত বিড়াল, কুকুরের পায়ের ছাপের তুলনায় ওই পায়ের ছাপ গুলি বেশ বড় বলে দাবি স্থানীয়দের একাংশের। স্থানীয় পূর্ণিমা রায় বলেন, “অনেকেই চিতাবাঘের উপস্থিতি নিয়ে আতঙ্কিত। মন্দির ও লাগোয়া এলাকায় বাচ্চারাও আসে। আমরা ভয়েই আছি। প্রশাসন বিষয়টি দেখুক।” স্থানীয়দের একাংশের দাবি, ওই এলাকা থেকে গরুমারার জঙ্গল খুব বেশি দূরে নয়। চিতাবাঘ চলে আসতেই পারে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান মনোজ রায় জানান, পুলিশ বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে। বনকর্মীরা পায়ের ছাপ চিহ্নিতকরণ করবেন। এলাকায় আতঙ্কের পরিবেশ। তবে, এলাকাবাসীদের আশ্বস্ত করে ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ও বনদপ্তর।


