সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: নেপালের ছায়া উত্তরাখণ্ডে! অনবরত বৃষ্টিপাতের জেরে উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকার একাধিক নদী ও ঝোরায় জলস্তর দ্রুত বাড়ছে বলে সংবাদমাধ্যম সূত্রের খবর। চরম সতর্কতা জারি রয়েছে প্রশাসন ও পুলিশে। বিপর্যয় ঠেকাতে আগাম পদক্ষেপ নিয়ে রাখছে উত্তরাখণ্ড সরকার।
ইতিমধ্যেই নেপালের হড়পা ও বন্যায় সাড়ে তিন শতাধিক মানুষের মৃত্যুর খবর অসমর্থিত সূত্রে পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন অনেক মানুষ। মানবিক সহায়তার হাত বাড়িয়েছে ভারতও। এই ঘটনার জেরে উত্তরাখণ্ড সরকার হিমবাহ হ্রদগুলির নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা বহু গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি প্রশাসনকে এই হ্রদগুলির নিয়মিত বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালানোর এবং অতি-সংবেদনশীল এলাকায় উন্নতমানের ‘আর্লি ওয়ার্নিং সিস্টেম’ বা আগাম সতর্কতা ব্যবস্থা বসানোর কঠোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। ঝুকিপূর্ণ এলাকার মানচিত্র বিশ্লেষণ, উদ্ধারকাজের প্রশিক্ষণ সহ একাধিক প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। যোগাযোগ ব্যবস্থা অক্ষুণ্ণ রাখতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে কোনও পরিস্থিতির মোকাবিলায় সব রকমের প্রস্তুতি রাখা হচ্ছে বলে প্রশাসন সূত্রের খবর। (ছবি:এআই)


