সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: ফের যুদ্ধের আঁচে পুড়ল পশ্চিম এশিয়া। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন এবার ছড়াল কুয়েতেও। মঙ্গলবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর। কুয়েতের সরকারি সূত্র ও ভারতীয় দূতাবাস এই খবর নিশ্চিত করেছে। কুয়েতে ভারতীয় দূতাবাস X-হ্যান্ডেলে গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, নিহতের পরিবার ও আহতদের সব ধরনের সহায়তার জন্য কুয়েত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বিরতির আলোচনার মাঝেই ছন্দপতন। কুয়েতে থাকা মার্কিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এর জেরে কুয়েতের এক আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়। সেখানে মৃত্যু হয় ১ ভারতীয়ের। মোট ৬৩ জন জখম হন বলে দাবি। আহতদের চিকিৎসা চলছে একাধিক হাসপাতালে। ইরানের দাবি, হরমুজ প্রণালী, কেশন দ্বীপে মার্কিন হানার বদলা নিতেই তাদের এই পদক্ষেপ। হামলার জেরে বুধবার বন্ধ রয়েছে সে দেশের বিমান চলাচল। নিহত ভারতীয়ের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে কুয়েতে এই প্রথম সরাসরি হামলার ঘটনা ঘটল। গোটা উপসাগরীয় অঞ্চলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
ছবি সৌজন্যে: সমাজমাধ্যম।


