সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: দেশজুড়ে আন্তর্জাতিক মাদক পাচার বন্ধে ২০২৯ সালের শেষ দিন পর্যন্ত চলবে ধারাবাহিক অভিযান। সম্প্রতি, ২৩শে অক্টোবর থেকে চলা এক বড়সড় অভিযানে উত্তর-পূর্ব ভারতের এক আন্তর্জাতিক মাদক চক্রকে নির্মূল করা হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘অপারেশন ট্রাইডেন্ট’ নামের ওই অপারেশনে অংশ নেয় অসম, মিজোরাম, মণিপুরের পুলিশ ও কেন্দ্রীয় এজেন্সি।

সংবাদমাধ্যম সূত্রের খবর, ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৪ শতাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করা হয়েছে। ১০০ কোটি টাকার মত হাওলা লেনদেনেরও হদিশ মিলেছে। প্রায় ১৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এই অপারেশনে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারত, বাংলাদেশ ও মায়ানমার সীমান্ত দিয়ে এই সিন্থেটিক মাদক পাচারের কাজ চলত। যা যুব সমাজ ও দেশের পক্ষে বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। তবে, আরও লাগাতার অভিযানের কথা ফের একবার জানান অমিত শাহ। (ছবি: এআই ও সমাজমাধ্যম)।


