সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: গ্রেট নিকোবর সফর শেষে কেন্দ্রের বিরুদ্ধে পরিবেশ নিয়ে তোপ দাগলেন রাহুল গান্ধী। ক্যাম্পবেল বে-তে সরকারি প্রকল্পের নামে ১৬০ বর্গ কিমি ‘বর্ষা বনের’ ধ্বংসযজ্ঞে নামছে কেন্দ্র। বন্যপ্রাণের পাশাপাশি স্থানীয় আদিবাসীরাও ক্ষতিগ্রস্ত হবেন বলে অভিযোগ লোকসভার বিরোধী দলনেতার। পাল্টা, কেন্দ্রের যুক্তি, এই প্রকল্প সামুদ্রিক বাণিজ্য, সংযোগ বাড়াবে। দেশের ভূ-কৌশলগত অবস্থান ও নিরাপত্তাকে শক্রিশালী করবে।

এপ্রিলের শেষ সপ্তাহে আন্দামান-নিকোবর যান রাহুল গান্ধী। ইন্দিরা পয়েন্ট পরিদর্শন করে শ্রদ্ধা জানান। নিকোবরের আদিবাসী ও অন্য সম্প্রদায়ের সঙ্গে কথা বলে তাদের অভিযোগও শোনেন। কর্পোরেট প্রভাবের সমালোচনা করে তিনি জানান, লক্ষাধিক গাছ কেটে এই উন্নয়নের ফলে বাস্তুতন্ত্রে বিরুপ প্রতিক্রিয়া পড়বে। আদিবাসী ও বনাঞ্চলের স্বার্থ সুরক্ষিত রাখতে এ বিষয়ে কেন্দ্রকে বিবেচনার অনুরোধ জানান রাহুল গান্ধী। তাঁর আরও অভিযোগ, কর্পোরেট স্বার্থে করা এই ৮১ হাজার কোটি টাকার প্রকল্পে ওখানকার মানব ও বনজ সম্পদের ওপর ক্ষতিকর প্রভাব পড়বে। তিনি এর বিরোধিতায় লড়াই করবেন। এই ঘটনাকে বাস্তুসংস্থানের ওপর অন্যতম বড় চুরি বলেও অভিযোগ করেন রাহুল।

কেন্দ্রের যুক্তি, বর্তমান পরিস্থিতিতে দ্বীপটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বন্দর ও ট্রান্সশিপমেন্ট হাব হবে। প্রতিরক্ষা ক্ষেত্রেও দেশ ভালো অবস্থানে থাকবে।


