সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: লোকালয়ে ফের হামলা চিতাবাঘের। বেঘোরে প্রাণ গেল শেকলে বাঁধা সারমেয়ের। ঘুমের ভান করে বরাতজোরে বাঁচলেন এক ব্যক্তি। ২৯ জুন ঘটনাটি রাজস্থানের সিরোহী জেলার কুমারওয়াড়ায় ঘটলেও বুধবার সামনে আসে। সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত করা হয়।
স্থানীয় সূত্রের খবর, গভীর রাতে ওই এলাকার এক হোটোলে হানা দেয় চিতাবাঘটি। সটান সেটি উঠে পড়ে ছাদে। সেখানেই শেকলে বাঁধা ছিল এক কুকুর। মুহুর্তে সেটিকে হত্যা করে চিতাবাঘটি। ওই ছাদেই সে সময় ঘুমিয়ে ছিলেন বছর পঁচিশের এক যুবক। তার বিছানার সামনেও ঘুরপাক খায় চিতাবাঘটি। তবে, চিতাবাঘের অস্তিত্ব টের পেয়ে ঘুমের ভান করে পড়ে থাকেন ওই যুবক। কিছুক্ষণ সেখানে ঘোরাঘুরি করে চিতাবাঘটি চলে যায়। স্বস্তির নি:শ্বাস ফেলেন বালু নামের ওই যুবক। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।


