নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: নগরায়নের চাপে কমছে সবুজের আচ্ছাদন বলে অভিযোগ। সবুজ বাঁচাতে অভিনব পরিকল্পনা। সোমবার বৃষ্টি বহুল অরণ্য দিবস চালু করতে শহর লাগোয়া সানুপাড়ায় বৃষ্টি বহুল অরণ্য দিবসে চারাগাছ রোপণ করে সবুজায়নের বার্তা দিলেন পরিবেশপ্রেমী সংগঠন প্রত্যুষা ও শিক্ষক দিবস উদযাপন কমিটি।

শুধু রোপণ নয়, চারাগাছ গুলিকে বাঁচিয়ে, বড় করে নির্মল পরিবেশ তৈরির অঙ্গীকার করলেন আয়োজকেরা। শহর, শহরতলি ও গ্রামীণ এলাকার বাসিন্দাদের এগিয়ে আসার বার্তাও দিলেন আয়োজকেরা। হাজির ছিলেন সানুপাড়ার পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ, প্রত্যুষার সম্পাদক সুখেন্দু চক্রবর্তী, শিক্ষক দিবস উদযাপন কমিটির সভানেত্রী আল্পনা নাগ সরকার, তিতলি সূত্রধর-সহ অন্যরা। আল্পনা নাগ সরকার বলেন, ‘বর্তমান সময়ে চিরসবুজ নির্মল পৃথিবী ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ। আমরা আমাদের সাধ্যমতো কাজ শুরু করেছি।’ গণেশ ঘোষ বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের প্রতিরোধ, আগামী প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যেই এই কর্মসূচি।’ আগামীতে সবুজায়নের জন্য জনসচেতনতা বৃদ্ধি, সমাজের সব শ্রেণির মানুষের অংশগ্রহণ ও প্রকতির ভারসাম্য রক্ষা করতে আরও কর্মসূচি নেওয়া হবে বলে দাবি আয়োজকেদের।


