অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে এক ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হল শহরের কেরানি পাড়ার মদন মোহন মন্দিরে। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের ১৭,১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের তরুণ দল বসতি শাখার উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হল শনিবার সন্ধ্যায়। রাধাকৃষ্ণের যুগল প্রতিকৃতিকে সামনে রেখে পুজো, ভজন-সহ ধর্মীয় আলোচনা করা হয়। শেষে ভক্তদের মাঝে প্রসাদও বিতরণ করা হয়।

দীর্ঘ সময় ধরেই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙঘ এই অনুষ্ঠান করলেও, রাজ্যে পালাবদল হতেই এবারে বেশ ঘটা করেই হল এই অনুষ্ঠান। আয়োজকেদের বক্তব্য, গত শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষ্যে সবাই নানা অনুষ্ঠানে ব্যস্ত থাকায় এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সদস্যদের নিয়ে আলোচনা সভারও আয়োজন করা হয়। আরএসএস-এর স্থাপনা, নীতি, জাতীয়তা ও দেশাত্মবোধ বিষয়ে বক্তব্য রাখেন ১৯৭৫ সালে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত ‘লোকতন্ত্র সেনানী’ তাম্রপদক প্রাপ্ত প্রবীণ সুকুমার দে। দেশবাসীকে জাতীয়তাবোধে উদ্ধুদ্ধ করতে সংগঠনের ৮৫ হাজার ইউনিট দেশে কাজ করছে বলে দাবিও করেন তিনি।

শাখা প্রমুখ অজয় শা বলেন, “আরএসএসের উদ্যোগে এই অনুষ্ঠান দীর্ঘ সময় ধরেই হচ্ছে। এবারে স্বতস্ফূর্তভাবে জনগণ এগিয়ে আসায় সাড়ম্বরে অনুষ্ঠান হল। দেশপ্রেম, জাতীয়তাবোধ, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা-সহ সামগ্রিক স্বার্থে মানুষ আরএসএসের সঙ্গে যুক্ত হোক এটাই চাই।”

এদিন ওই ৩ ওয়ার্ডের বাসিন্দারা ছাড়াও শহরের অন্য অংশের অনেক ভক্ত সামিল হন অনুষ্ঠানে। সবার হাতে প্রসাদ তুলে দেওয়া হয়।


