সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: দেশের সফল শুটার ও কোচ যশপাল রানা প্রয়াত হলেন। তাঁর এই অকালমৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়া মহল। ৪৯ বছর বয়সী রানা দিল্লির এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন বলে জাতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর।

দিনকয়েক আগেই জার্মানির মিউনিখে আয়োজিত আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ থেকে ফেরার সময়ই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে ভর্তি করে হার্টের ব্লকেজ দূর করতে স্টেন্ট বসানোও হয়। প্রথমে স্থিতিশীল থাকলেও পরে তার মৃত্যুর খবর আসে। এই ঘটনায় শোকে মুহ্যমান জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন।
উল্লেখ্য, দেশের অন্যতম সেরা এই পিস্তল শুটার এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস-সহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তাঁকে নিয়ে গর্ব করে দেশের ক্রীড়ামহল। যশপাল রানার সাফল্যই এ দেশে শুটিংকে জনপ্রিয় করে তোলে বলে ক্রীড়া মহলের অভিমত। আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক সোনাজয়ী এই শুটার প্রশিক্ষক হিসেবেও সফলতা পেয়েছেন। এক দশকেরও বেশি চলা তার কোচিং কেরিয়ারে অনেক প্রতিভাবান শুটারকে পাদপ্রদীপে এনেছেন তিনি। সবচেয়ে উল্লেখযোগ্য হল মনু ভাকেরের মতো উদীয়মান মহিলা শুটারকে আন্তর্জাতিক মঞ্চে সফলতা এনে দেওয়া৷ ২০২০ সালে কোচিংয়ে অসামান্য অবদানের জন্য কেন্দ্রীয় সরকার তাঁকে ‘দ্রোণাচার্য’ পুরস্কারে সম্মানিত করে। (ছবি: সমাজমাধ্যম)


