অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: পুজোর আগেই নতুন উপহার। মুখে হাসি খুদে পড়ুয়াদের। সঙ্গে হল সাংস্কৃতিক অনুষ্ঠানও। মঙ্গলবার অভিনব প্রয়াস শহর লাগোয়া দোমহনীর কাঁঠালবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে।

এদিন আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে ওই স্কুলে আগমনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সামনে নিজেদের শিল্পীসত্ত্বার পরিচয় দেয় খুদে পড়ুয়ারা। ওই অনুষ্ঠানেই খুদেদের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেন শিক্ষিকা সোনালি সিং। বর্তমান পড়ুয়াদের পাশাপাশি প্রাক্তন দুঃস্থ পড়ুয়া ও রান্নার সহায়িকাদেরও নতুন বস্ত্র তুলে দেন তিনি। সোনালি সিং বলেন, “২০১৭ সাল থেকেই নিজের উদ্যোগে বাচ্চাদের উপহার দিচ্ছি। এছাড়া, কারও শিখন সামগ্রীর অভাব থাকলেও তা পূরণ করার চেষ্টা করি।” আগমনী অনুষ্ঠান ও নতুন বস্ত্র পেয়ে আপ্লুত পড়ুয়ারা। এর পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তাও দেওয়া হয় সবাইকে।


