Homeউত্তরবঙ্গজিলা স্কুলে প্রধান শিক্ষক নিগ্রহে নিরপেক্ষ তদন্ত চেয়ে ডেপুটেশন বাম শিক্ষক সংগঠনের,...

জিলা স্কুলে প্রধান শিক্ষক নিগ্রহে নিরপেক্ষ তদন্ত চেয়ে ডেপুটেশন বাম শিক্ষক সংগঠনের, স্কুলে এলেন খোদ শিক্ষামন্ত্রী

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জিলা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ছাত্রদের হাতে শারীরিক ও মানসিক নিগ্রহের ঘটনায় সরগরম জেলার শিক্ষা-সহ বিভিন্ন মহল। গত ৮ই সেপ্টেম্বরের ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শুক্রবার জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে ডেপুটেশন দিল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। এর পাশাপাশি জেলাশাসককেও স্মারকলিপি দেন ওই দুই সংগঠনের নেতারা। জেলাশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) এই স্মারকলিপি গ্রহণ করেন বলে দাবি বাম শিক্ষক নেতাদের।

সংগঠনের জেলা সম্পাদক কৌশিক গোস্বামী ও বিপ্লব ঝা জানান, সার্ধশতবর্ষ প্রাচীন এই ঐতিহ্যবাহী স্কুলে প্রধান শিক্ষকের নিগৃহীত হওয়ার এমন ঘটনা শিক্ষা ব্যবস্থার জন্য লজ্জার। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান। একইসঙ্গে সংগঠনের অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকের বিভিন্ন পেজ থেকে সাম্প্রদায়িক উস্কানিমূলক বার্তা ছড়ানো হচ্ছে। অবিলম্বে সেই চক্রান্তকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি তোলা হয়েছে। এছাড়াও প্রতিটি বিদ্যালয়ে পর্যাপ্ত বিষয়-শিক্ষক এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ করে শিক্ষার ভয়হীন পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়। জেলা বিদ্যালয় পরিদর্শক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে দাবি।

এদিকে এদিন জলপাইগুড়ি জিলা স্কুলে আসেন শিক্ষা মন্ত্রী দীপক বর্মণ। সঙ্গে ছিলেন জেলাশাসক অদিতি চৌধুরী, বিধায়ক অনন্তদেব অধিকারী-সহ শিক্ষা দফতরের আধিকারিকেরা। স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করেন শিক্ষামন্ত্রী। কথা বলেন পড়ুয়াদের সঙ্গেও। শিক্ষাঙ্গনে এ ধরণের ঘটনায় কড়া পদক্ষেপেরও ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments