সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: একসময়ে মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা উপেক্ষা করেই এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয় ভারত। এবারে নয়াদিল্লিকে একযোগে পঞ্চম প্রজন্মের SU-57 সুখোই যুদ্ধ বিমান তৈরির বার্তা দিল মস্কো। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় যৌথ উদ্যোগে এই যুদ্ধ বিমান তৈরির বার্তা দেন সে দেশের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।
প্রতিরক্ষা-সহ একাধিক ক্ষেত্রে নয়াদিল্লি ও মস্কোর মধ্যেকার কৌশলী অংশীদারিত্ব বেশ পুরানো। মার্কিন নিষেধাজ্ঞার হুমকিকে অগ্রাহ্য করে, সাম্প্রতিক অতীতে, ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য ৫ বিলিয়ন ডলারের চুক্তি করে ভারত। তবে, বর্তমানে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান যৌথ উদ্যোগে তৈরির ক্ষেত্রে এখনও সবুজ সঙ্কেত দেয়নি নয়াদিল্লি। তবে, নাকচও করেনি। এই ‘জয়েন্ট ভেঞ্চার’ নিয়ে আশাবাদী মস্কো। যুদ্ধ বিমানের পাশাপাশি ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স’ তৈরির ক্ষেত্রেও ভারতের অংশীদারিত্ব চায় রাশিয়া। উল্লেখ্য, SU-57 হল রাশিয়ার তৈরি রাডারে অদৃশ্য থাকার প্রযুক্তি সম্পন্ন বহুমুখী যুদ্ধ বিমান।
ছবি: সমাজমাধ্যম


