সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: ‘পরকীয়া সন্দেহে মর্মান্তিক ঘটনা। স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন স্বামীও। পুলিশের গাড়ি থেকেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে অসমের গুয়াহাটিতে। ওখানেই একটি ফ্লাটে স্ত্রী রিয়া তালুকদারকে নিয়ে বসবাস করতেন স্বামী রামানুজ গোস্বামী।
অন্য কোনও পুরুষের সঙ্গে বছর ২৫য়ের রিয়ার সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন স্বামী। গত ৩ সেপ্টেম্বর স্ত্রীকে খুন করে তার মাথা কেটে ফ্রিজে রেখে দেন রামানুজ। পরে ফ্লাট থেকে দুর্গন্ধ বের হওয়ায় প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।পুলিশ সেখানে গিয়ে তল্লাশি চালিয়ে ফ্রিজের ভিতরে রাখা একটি কালো পলিথিনের ব্যাগ উদ্ধার করে। তার মধ্যে রিয়ার কাটা মাথা ও আঙুল পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ধারালো দা-ও উদ্ধার করা হয়েছে। সেটিই খুনে ব্যবহার করা হয়েছিল বলে সন্দেহ পুলিশের। ৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ করেন রামানুজ। স্ত্রীর প্রেমিককে খুন করার হুমকিও দেন তিনি। খুন করার সময় তিনি মদ্যপ ছিলেন বলে দাবি করেন রামানুজ। মৃতার পরিবারের তরফেও রামানুজের বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়। সে সব নিয়েই তদন্ত করছিল পুলিশ।

রামানুজের মৃত্যুর ঘটনাটি ঘটে গুয়াহাটির নরকাসুর পাহাড় এলাকায়। পুলিশ জানিয়েছে, ৭ দিনের পুলিশি রিমান্ডে ছিলেন অভিযুক্ত। গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শারীরিক পরীক্ষার পরে রামানুজকে হাতিগাঁও থানায় ফেরানো হচ্ছিল। সে সময় আচমকাই পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে গাড়ি থেকে ঝাঁপ দেন তিনি। নীচে খাদে পড়ে গুরুতর চোট লাগে। তাকে উদ্ধার করে ফের মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।(ছবি:এআই)


