সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: মণিপুরে সন্ত্রাস বিরোধী অভিযানে সাফল্য যৌথ বাহিনীর। পূর্ব ও পশ্চিম ইম্ফলে চালানো অভিযানে শীর্ষ স্থানীয় এক জঙ্গীনেতা-সহ ৭ জন জঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে বলে সমর্থিত সূত্রের খবর। এই অভিযানকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।

মণিপুরে উত্তেজনা অব্যাহত। এরই মাঝে কড়া পদক্ষেপ নিল নিরাপত্তা বাহিনী। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পূর্ব ও পশ্চিম ইম্ফলে রীতিমতো ছক কষে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এই অভিযানে ৭ জঙ্গীকে গ্রেপ্তার করা হয়। ধৃত জঙ্গীদের মধ্যে কেসিপি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লইসরাম রঞ্জিত সিংহও রয়েছেন বলে সমর্থিত সূত্রের খবর। এদিকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নাগা ও কুকি সম্প্রদায়ের ৩৮ জন এখনও নিখোঁজ বলে জানা গিয়েছে। এক সংবাদমাধ্যম সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পুরো বিষয়টি জানানো হয়েছে।



