অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: আয়োজন মাঝারি মাপের। তবে, নিষ্ঠা ও আন্তরিকতার অভাব নেই। রবিবাসরীয় সকালে রক্তদান কর্মসূচি ও খুঁটি পুজোর মাধ্যমে এবারের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করল আদি নিউটাউন পাড়া দুর্গাপূজা কমিটি। শহরকে সবুজে ভরিয়ে দিতে রক্তদাতাদের উপহার দেওয়া হল চারাগাছও।

কোনও বিগ বাজেটের পুজো না হয়েও প্রতিবারই মাঝারি বাজেটে পুজো করে সকলের প্রশংসা কুড়োয় এই পুজো কমিটি। শুধু কমিটির সদস্যরাই নন, পাড়ার সকলেই এগিয়ে আসেন পুজোর কাজে। এদিন খুঁটি পুজোর পাশাপাশি এক রক্তদান শিবিরের আয়োজন করেন কমিটির সদস্যরা। চারাগাছ উপহার দেওয়া হয় রক্তদাতাদের। ওই গাছকে বড় করে তোলার অঙ্গীকারও করেন সবাই। পুজো কমিটির সম্পাদক সঞ্জিত রায়, সহ-সভাপতি তন্ময় বসু, কোষাধ্যক্ষ রাজু সাহা-সহ অন্য সদস্যদের পাশাপাশি এলাকাবাসীদের অনেকেই ছিলেন এই কর্মসূচিতে। সংগৃহীত রক্ত ব্ল্যাড ব্যাঙ্কে জমা থাকবে। সাধারণ মানুষ তথা সমাজের স্বার্থেই এই উদ্যোগ বলে জানান তারা।
রাজু সাহা বলেন, ‘এ বছর আমাদের পুজো ২৮ তম বর্ষে পদার্পণ করল। আমাদের এবারের থিম শিশু রূপে মা। প্রতিমা তৈরি করছেন গোমস্তাপাড়ার মৃৎশিল্পী কৃষ্ণ পাল। পুজোর ক’দিন আমাদের আরও কর্মসূচি রয়েছে।”


