সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ: একমাত্র গোলেই হাতছাড়া বিশ্বকাপ। বিশ্বসেরার লড়াইয়ে হারলেও মেসির দলের প্রতিই আবেগে ভরিয়ে দিয়েছেন আর্জেন্টিনীয়রা। বুয়েনস আয়ার্স-সহ সব শহরেই নীরবতা। তবে জাতীয় শোক ঘোষণা করেনি প্রশাসন। তার মাঝেই সে দেশের নেটিজেনরা লিখেছেন ‘Gracias, muchachos’। বাংলায়, “আমরা হারলেও তোমাদের নিয়ে গর্বিত……।” আর্জেন্টিনীয় ফুটবল যোদ্ধাদের ধন্যবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ২০২২ সালে তাদের ভাইরাল স্লোগান ছিল, “ধন্যবাদ ছেলেরা, কাপ এনে দেওয়ার জন্য”। আর ২০২৬ সালে দাঁড়িয়ে সেটাই হয়েছে, “ধন্যবাদ ছেলেরা, লড়াই করার জন্য”।
অন্যদিকে, উৎসবমুখর মাদ্রিদ-সহ গোটা স্পেন। সোমবারও রাস্তায় নেমে উৎসব করেছেন স্পেনীয়রা। ২০১০ সালের পরে দ্বিতীয়বার বিশ্বসেরার শিরোপা। ইতিহাস গড়লেন সে দেশের লামিন ইয়ামাল।

এনজো ফার্নান্ডেজের লাল কার্ড দেখার পরে ১০ জন নিয়ে খেলতে বাধ্য হয় আর্জেন্টিনা। আর ১১টি সেভ করেও ট্রাজিক হিরো এমিলিয়ানো মার্টিনেজ। একদিকে বিশ্বসেরার আনন্দে ভাসছে গোটা স্পেন। মেটলাইফ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার।

রৌপ্য পদক পাওয়া মেসিরও হয়তো এটাই শেষ বিশ্বকাপ। তবে, শোক, হতাশার মাঝেও ৭১৪০ বর্গমিটারের সবুজ ঘাসের ফুটবল যোদ্ধাদের পাশেই রয়েছেন ‘পারানা নদীর’ বাসিন্দারা। (ছবি: সমাজমাধ্যম)।


