সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: নাবালিকা ধর্ষণকাণ্ডে এনকাউন্টার যোগী রাজ্যের পুলিশের। গুলিতে জখম অভিযুক্ত চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।
গত ৩০ মে এক মহিলা থানায় করা অভিযোগে জানান, সিরাজ নামের এক ব্যক্তি তার ১৩ বছরের মেয়েকে ধর্ষণ করেছে। এমনকি হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ভয়ে নাবালিকা কাউকে কিছু বলেনি। তবে, পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের কাছে নিয়ে যান বাড়ির লোকেরা। সেখান থেকেই বিষয়টি জানতে পারে নির্যাতিতার পরিবার। পরে, সব ঘটনা খুলে বলে নির্যাতিতাও। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। শুরু হয় তল্লাশি অভিযান। রবিবার রাতে টহলদারির সময় অভিযুক্তকে হাতে পায় পুলিশ। পুলিশের তাড়া খেয়ে স্কুটার নিয়ে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় সে। পুলিশ গ্রেপ্তার করতে এলে গুলি চালায় অভিযুক্ত। পাল্টা অভিযুক্তের পায়ে গুলি চালায় পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করানো হয় পুলিশেরই তরফে। ধৃতের বিরুদ্ধে পস্কো ও অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।


