সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে অভিনব উদ্যোগ নিতে চলেছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ (Kolkata Port Authority)। বিশেষ দিনগুলোয় প্রিয়জনের জন্য আলোকমালায় সেজে উঠবে কলকাতার ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ। তবে এই পরিকল্পনার বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। এই নজিরবিহীন উদ্যোগ এ রাজ্যে প্রথম। এই বিষয়টি নিয়ে কৌতুহল বাড়ছে মহানগরীর মানুষজনের।

বিশ্বের একাধিক জনপ্রিয় জায়গায় এই ধরনের উদ্যোগ আগে থেকেই রয়েছে। নিউইয়র্কের টাইমস স্কোয়ার-এও ব্যক্তিগত শুভেচ্ছাবার্তা বা বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ রয়েছে। আবার, দুবাইয়ের বুর্জ খলিফায় আলোর মাধ্যমে জন্মদিন, বিবাহবার্ষিকী-সহ ব্যক্তিগত শুভেচ্ছা বা বিশেষ বার্তা জানানোর ব্যবস্থা রয়েছে। প্যারিসের আইফেল টাওয়ারেরও এই ব্যবস্থা রয়েছে। তবে, জাতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, হাওড়া ব্রিজে চালু হতে চলেছে ডায়নমিক আর্কিটেকচারাল ইলুমিনেশন ব্যবস্থা। তবে, বুকিং ও পরিষেবা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসেনি। এই পরিকল্পনা কার্যকরী হলে আইফেল টাওয়ার, বুর্জ খলিখার সঙ্গে একাসনে স্থান পাবে রাজ্যের শতাব্দী প্রাচীন হাওড়া ব্রিজ। প্রিয়জনকে ‘সারপ্রাইজ’ দেওয়ার অপেক্ষায় দিন গুনছেন অনেকেই।(ছবি: সমাজমাধ্যম)।


